ইরানের সাম্প্রতিক হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ। শুক্রবার (১৭ জুলাই) কুয়েত সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানের চালানো এই হামলাগুলো মূলত কুয়েত সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি স্থাপনা ও ক্যাম্পে আঘাত হেনেছে। এতে কুয়েত ল্যান্ড ফোর্সের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
কুয়েতি সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল খালেদ দিরজ সাদ আল-শ্রিয়ান ইতোমধ্যে আহত সেনাসদস্যদের দেখতে হাসপাতালে গিয়েছেন। সেখানে তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আহতদের দেয়া চিকিৎসা সেবার সার্বিক অগ্রগতি তদারকি করেন।
উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার অংশ হিসেবেই ইরান এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কুয়েত সেনাবাহিনীর ওপর এই হামলার বিষয়ে ইরান বা কুয়েত সরকারের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।
এদিকে গতকাল টানা ষষ্ঠ রাতের মতো ইরানের ওপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ এবং অন্যান্য দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
সংবাদ সংস্থা এএফপির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত ২২ জুন সুইজারল্যান্ডে যুদ্ধ অবসানের লক্ষ্যে ৬০ দিনব্যাপী আলোচনার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে মার্কিন হামলায় ৩৮ জন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয়েছে বলে দাবি করেছে ইরান। এর মধ্যে কেবল গত রাতের হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান।

ডেস্ক রিপোর্ট 



















