আদালতে শুনানি চলাকালে কারাবন্দি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর জন্য স্যান্ডউইচ ও ড্রাই ফুড আনেন তার আইনজীবী মহসিন রেজা। তবে আদালতের অনুমতি চাইলেও রাষ্ট্রপক্ষের আপত্তির পর সেই আবেদন নাকচ করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাত্রাবাড়ীতে শ্রমিক মো. রিয়াজ (৩৫) হত্যা মামলার শুনানিতে এ ঘটনা ঘটে।
আইনজীবী মহসিন রেজা বলেন, “আসামিকে এক ঘণ্টা পর পর খাবার খেতে হয়। এজন্য তার পছন্দের খাবার স্যান্ডউইচ ও ড্রাই ফুড আনা হয়েছিল। কিন্তু আদালত তাকে খাবার দেওয়ার অনুমতি দেননি। বয়স্ক ও অসুস্থ হওয়ার কারণে সময়মতো খাবার খাওয়া তার জন্য জরুরি।”
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত শুনানি শেষে খাবার দেওয়ার আবেদন নাকচ করেছেন।
উল্লেখ্য, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ীতে শ্রমিক মো. রিয়াজ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আমির হোসেন আমুসহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা আসামি। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন— সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, আব্দুর রাজ্জাক এবং যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু।

