ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অংশ নিতে চায়নি বলে জানিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি এক টক শোতে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, দীর্ঘদিন ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ করতে না পারলেও ছাত্রশিবির ঠিকই ছাত্রলীগের ভেতর ঢুকে কার্যক্রম চালাতে পেরেছে। তিনি জানান, শেখ হাসিনা পতনের পর প্রথম দিন থেকেই ছাত্রদলকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। সাধারণ শিক্ষার্থীর নাম করে জামায়াত-শিবির প্রথমেই ছাত্রদলকে বাইরে ঠেলে দিয়েছে। শিবির ডোর টু ডোর ক্যাম্পেইন চালিয়েছে এবং নানা ওয়েলফেয়ার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করেছে।
তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদল প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি। ছাত্রদল আসলে অংশগ্রহণ করতে চায়নি, তবে বিএনপির ওপর নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে। জাকসু নির্বাচনে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। বিএনপির তিন শিক্ষকসহ অন্য একজন শিক্ষক নির্বাচন থেকে সরে দাঁড়ান, এবং অন্যান্য প্যানেলও নির্বাচন বয়কট করেছে।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে শীর্ষ ২৮ পদের মধ্যে ২৩টিতে জয় লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল, আর জাকসু নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল ২৫টির মধ্যে ২০টি পদে জয় অর্জন করেছে।

