ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিআর পদ্ধতিতে ভোট আয়োজনের দাবি তুলেছেন বাঞ্ছারামপুর উন্নয়ন ফোরামের সভাপতি ও সহকারী অধ্যাপক (অব.) দেওয়ান মো. নকিবুল হুদা। তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচনে ফ্যাসিস্ট চরিত্রের সরকার গঠনের সুযোগ থাকে না, প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হয় এবং সব রাজনৈতিক দলের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উজানচর ইউনিয়নে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ইসলামী নেতৃত্বের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠা করতে হবে। তরুণদের ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম বলেন, অতীতে সরকারি জুলুম-নির্যাতনের কারণে জনগণের সামনে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা যায়নি। তবে এখন সুযোগ এসেছে জনগণকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার।
সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ আলী (লিটন মিয়া)। এসময় স্থানীয় নেতৃবৃন্দ, চেয়ারম্যান পদপ্রার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভার মাধ্যমে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান ও আগামী নির্বাচনে তাদের দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়।

