জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, এনসিপি মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না; এটি কেবল একটি আনুষ্ঠানিকতা হিসেবেই সীমিত থাকবে। দলটি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আইনি ভিত্তি ছাড়া এ ধরনের আনুষ্ঠানিকতা ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতো আরেকটি একপাক্ষিক দলিল হয়ে উঠবে বলে এনসিপির মন্তব্য।

বার্তায় আরও বলা হয়, ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, এনসিপি কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে, পরবর্তীতে দলটি স্বাক্ষর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।