রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শিক্ষার্থীরা আমাদের জয়ী করেছেন। আমরা তাদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করব।”
তিনি আরও বলেন, “যারা জয়ী হতে পারেননি, তাদের সংখ্যা বেশি। নির্বাচনে অনেক যোগ্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমরা বিজিতদের পরামর্শ ও সহযোগিতা নিয়েই একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তুলব।”
নবনির্বাচিত জিএস ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “আমার ম্যান্ডেট শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে আমি এক মুহূর্তও থাকব না, ইনশাআল্লাহ। দায়িত্ব শেষে যদি বলতে পারি যে সঠিকভাবে কাজ করেছি, সেটিই হবে আমার বড় অর্জন। যে সম্মান নিয়ে আজ দায়িত্ব নিচ্ছি, সেই সম্মান নিয়েই বিদায় নিতে চাই।”
এ সময় উপস্থিত আম্মারের মা বলেন, “ছোটবেলা থেকে যে আদর্শ ও শিক্ষা দিয়ে তাকে মানুষ করেছি, আমি চাই সে সেই আদর্শ ও শিক্ষার আলোয় শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী সামনে কাজ করুক।”

