জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ক্ষুব্ধ আন্দোলনকারীরা সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পুলিশের গাড়ি, ট্রাক ও বাসে ভাঙচুর চালায়।
শুক্রবার বেলা সোয়া একটার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। আন্দোলনকারীরা পুলিশের ধাওয়ার মুখে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় লাঠিচার্জও চালায় পুলিশ।
আন্দোলনকারীরা সংসদের দক্ষিণ গেটের সামনে তাবুসহ মূল সড়কে আগুন ধরিয়ে দেয়। দুপুর ২টা ১০ মিনিটের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং বর্তমানে সংসদ ভবন ও আশপাশের এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এছাড়া খামারবাড়ি সড়কেও পুলিশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করা হয়।
এর আগে সকাল ১০টার দিকে ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিরা বিভিন্ন দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান নেন, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

