বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি এই প্রতিক্রিয়া জানান।
মির্জা ফখরুল বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিল, সেগুলো প্রায় ৮ মাস পরিশ্রমের পর আজকের এই সনদ স্বাক্ষরের মাধ্যমে রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে।” তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সব রাজনৈতিক দল এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সনদ স্বাক্ষর অনুষ্ঠান বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম, সেই সুর নিয়েই নির্বাচনে যাব। যারা স্বাক্ষর করেছেন, তারা প্রয়োজনে আবার বসে ঠিক করবেন কীভাবে নির্বাচন সুন্দর করা যায়। যেনতেন নির্বাচন করার কোনও মানে নেই।” তিনি আরও বলেন, “মানুষ যেন মনে রাখে, এই সনদে যারা স্বাক্ষর করেছেন তারা সুষ্ঠু নির্বাচন করেছে। পুলিশের সাহায্য ছাড়া নিজেদের নির্বাচন নিজেদেরই পরিচালনা করতে হবে।”
বক্তব্যের আগে প্রধান উপদেষ্টা ও ২৫টি রাজনৈতিক দলের নেতারা সনদে স্বাক্ষর করেন, যার মধ্যে বিএনপি ও জামায়াতও ছিলেন।

