মাস্টার্সে সিজিপিএ ৩.৯৮ পেয়ে বিভাগে প্রথম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক দাওয়াহ সম্পাদক মো. আরিফুল ইসলাম এবার পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড।
বুধবার (১৭ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
আরিফুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী। গত বছরের ১৭ জুন প্রকাশিত মাস্টার্স পরীক্ষার ফলাফলে তিনি ৪-এর মধ্যে ৩.৯৮ সিজিপিএ অর্জন করে বিভাগে প্রথম স্থান অধিকার করেন। এর আগে একই বিভাগ থেকে স্নাতক পর্যায়েও ৩.৮৯ সিজিপিএ পেয়ে প্রথম হন তিনি।
শিক্ষা ও মেধার স্বীকৃতিস্বরূপ আরিফুল ইসলাম মিশরের প্রখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ফুল-ফান্ডেড স্কলারশিপও অর্জন করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আরিফুল ইসলাম বলেন, “ডিনস অ্যাওয়ার্ড অর্জন আমার জন্য শুধু একটি সম্মাননা নয়, বরং আরও দায়িত্বশীল ও আত্মনিবেদিত হওয়ার প্রেরণা। এই অর্জনের পেছনে পরিবার, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও সহযাত্রীদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা রয়েছে।
আমি সবার প্রতি কৃতজ্ঞ। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাকে বিনয়ী রাখেন এবং দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করেন।”।
তিনি আরও বলেন, “এই অর্জন আমাকে আরও পরিশ্রমী, দায়িত্বশীল ও আত্মনিবেদিত হতে অনুপ্রাণিত করবে। দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার ক্ষেত্রে এটি আমার কাছে নতুন এক অঙ্গীকার।”

ডেস্ক রিপোর্ট 






















