ফরিদপুরে বিষাক্ত রাসেল ভাইপারের কামড়ে আহত হয়েছে সাত বছর বয়সী এক শিশু। তবে ঘটনাটির সবচেয়ে ব্যতিক্রমী দিক—শিশুটিকে হাসপাতালে নেওয়ার সময় কামড় দেওয়া সাপটিকেও ধরে পলিথিনে ভরে সঙ্গে নিয়ে আসেন স্বজনরা।
জানা গেছে, নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বর ডাঙ্গী গ্রামে পদ্মা নদীর পাড়ে খেলছিল শিশু নূরুন্নাহার। এ সময় একটি বিষাক্ত রাসেল ভাইপার তার পায়ে ছোবল দেয়। শিশুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে প্রায় এক হাত লম্বা সাপটিকে ধরে ফেলেন।
পরে আহত শিশুকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের সঠিকভাবে সাপ শনাক্তে সহায়তা করতেই স্বজনরা পলিথিনে ভরে সাপটিকেও সঙ্গে নিয়ে আসেন।
হাসপাতালে শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 





















