ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি ও চায়ের দোকানে আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে এ বিষয়ে অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সচেতন করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের মাগরিবের পর অকারণে বাইরে অবস্থান, চায়ের দোকানে আড্ডা কিংবা উদ্দেশ্যহীন ঘোরাঘুরি থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে মাইকিংয়ের ভাষা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় পরে বিষয়টির ব্যাখ্যা দেন জেলা প্রশাসক মনিরা হক। তিনি জানান, এটি কোনো নিষেধাজ্ঞা বা কারফিউ নয়। মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো এবং জনসচেতনতা তৈরি করা। ভুলভাবে প্রচার হওয়ায় মাইকিংয়ের ভাষা সংশোধনের নির্দেশও দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের ভাষ্য, এটি দমনমূলক কোনো পদক্ষেপ নয়। বরং শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বয়ে নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলার একটি সচেতনতামূলক উদ্যোগ।

ডেস্ক রিপোর্ট 
























