জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা বাদ দিয়ে নতুন কাঠামো প্রণয়ন করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, গণভোটের রায় আংশিক নয়, সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের বটতলী এলাকায় আয়োজিত ‘জুলাই পথযাত্রা’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, অতীতে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল। পরে আওয়ামী লীগ সরকার তা বাতিল করে। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের যে কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে, সেটিও কার্যকর সমাধান নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, সাবেক বিচারপতিদের নেতৃত্বে সরকার গঠনের পরিবর্তে নতুন বাস্তবতার আলোকে একটি নতুন ফর্মুলা প্রয়োজন, যার উল্লেখ ‘জুলাই সনদে’ রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার পুরোনো ফর্মুলা মেনে চলতে আগ্রহী হলেও নতুন ফর্মুলা মানতে চায় না।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা সবাই প্রত্যাশা করেছিলাম, একটি নতুন বাংলাদেশ পাব। যে বাংলাদেশে প্রশাসন নিরপেক্ষ থাকবে, যেখানে মানুষ ঘুষ ছাড়া চাকরি পাবে, মেধার মূল্যায়ন হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই দেশের মানুষ যে নতুন রাষ্ট্র গড়ার জন্য ভোট দিয়েছিল, সেই ভোটকেই এখন আর কার্যকর করা হচ্ছে না। আমরা দুটি ভোট দিয়েছি—সরকার গঠনের ভোট এবং গণভোট। তারা সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু গণভোট আর মানে না।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইমরান চৌধুরী নিশাদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক রহমান মুজাহিদ এমপি, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ এবং ফুলবাড়ী শাখার এনসিপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার মেয়র প্রার্থী শিহাব হোসেন।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে বিডিআর পিলখানায় গণহত্যা, শাপলা চত্বরে আলেম-ওলামাদের হত্যা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলনকারীদের হত্যা-নির্যাতন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে নির্বিচারে গণহত্যা চালানোর পর গণরোষের মুখে প্রাণ বাঁচাতে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র—এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু ভারত যদি কথা ও কাজে আধিপত্যবাদ বহাল রাখতে চায়, তাহলে আমরা ভারতকে প্রতিবেশী রাষ্ট্র মনে করি না। যারা একজন গণহত্যাকারী ও ওসমান হাদীর হত্যাকারীদের আশ্রয় দেয়, যারা আমার দেশকে ন্যায্য পানির হিস্যা বুঝিয়ে দেয় না, যারা খরার সময় পানি আটকে রাখে এবং বর্ষায় ছেড়ে দিয়ে মানুষকে বিপদের মুখে ঠেলে দেয়, তারা কোনো দিন আমাদের প্রকৃত প্রতিবেশী হতে পারে না।
তিনি বলেন, বিএনপি সিটি করপোরেশন, জেলা পরিষদসহ সর্বক্ষেত্রে দলীয় লোকজন দিয়ে লুটপাটের ক্ষেত্র তৈরি করে চলেছে। প্রত্যেক এলাকায় বালুমহাল, খাল-বিল, টেন্ডার এবং হাটবাজার দখলের রাজনীতি চালাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। তাদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা ছিল, আজ নেই। বিএনপি আজ আছে, আগামীতে নাও থাকতে পারে। এনসিপি, জামায়াতে ইসলামীও না-ও থাকতে পারে। কিন্তু দেশ থাকবে, জনগণ থাকবে।
এ সময় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী এনসিপি নেতা ইমরান চৌধুরী নিশাদ এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী শিহাব হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে রায় দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, দেশের ১,৪০০ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই দেশে ফ্যাসিবাদ ছিল, এখনো ফ্যাসিবাদী হামলা চলছে। এটি অব্যাহত থাকলে আগামী দিনে আপনাদের সঙ্গে নিয়ে আমাদের কঠোর লড়াই হবে, ইনশাআল্লাহ। বর্তমান তরুণ-তরুণীদের সবার বুকে আছে ওসমান হাদীর আগামীর স্বপ্ন, বিশ্বাসের স্বপ্ন। তাই আগামী দিনের লড়াই হবে জুলাই সনদ ও গণভোট অমান্যকারীদের বিরুদ্ধে, ১,৪০০ ছাত্র-জনতার রক্তের সঙ্গে যারা বেঈমানি করবে তাদের বিরুদ্ধে। স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের সুযোগ এসেছে—যারা সংস্কারের প্রশ্নে আপনাদের সঙ্গে প্রতারণা করেছে, তাদের প্রত্যাখ্যান করুন।
জুলাই পথযাত্রার সমাবেশে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 


















