চলতি বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২–১ গোলে হেরে ইংল্যান্ড বিদায় নেওয়ার পর দলটির কৌশল নিয়ে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, অধিনায়ক হ্যারি কেইনকে রক্ষণাত্মক ভূমিকায় খেলানো ছিল ইংল্যান্ডের বড় ভুল। আর্জেন্টিনার বিপক্ষে উত্তেজনাপূর্ণ সেমিফাইনালটি দুই দলের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার মতোই সংঘর্ষ, বিতর্ক ও উত্তপ্ত মুহূর্তে ভরা ছিল।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে ম্যাচ নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। উল্লেখ্য, ট্রাম্প ও হ্যারি কেইন দুজনেই আগে জানিয়েছেন, গত বছর ফ্লোরিডায় তারা একসঙ্গে গলফ খেলেছিলেন। ম্যাচ নিয়ে ট্রাম্প বলেন, ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পর নিজেদের সেরা খেলোয়াড় কেইনকে অতিরিক্ত রক্ষণাত্মক দায়িত্ব দেওয়াটা ঠিক হয়নি। তিনি বলেন, “আমার মনে হয়, তাকে রক্ষণাত্মক খেলোয়াড় বানিয়ে তারা হয়তো ভুল করেছে। তবে ফুটবল সম্পর্কে আমি–ই বা কতটুকু জানি?”
ট্রাম্প আরও বলেন, “তারা এগিয়ে ছিল, তারপর তাদের সেরা খেলোয়াড়কে রক্ষণে নামিয়ে দিল। একটু আক্রমণাত্মক হওয়া দরকার ছিল, তাই না? কোচিং সম্পর্কে আমি কী–ই বা জানি! বিষয়টি আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে। তবে হ্যারি দারুণ একজন মানুষ।” তবে ট্রাম্পের এই মন্তব্য মাঠের প্রকৃত পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মেলে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। এর মাধ্যমে ইতিহাসে দ্বিতীয়বারের মতো তৃতীয় স্থান অর্জনের সুযোগ পাবে দলটি। এর আগে ১৯৯০ ও ২০১৮ সালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেললেও কোনোবারই জয় পায়নি ইংল্যান্ড। ফিফা বর্তমানে এই ম্যাচকে ‘ব্রোঞ্জ ফাইনাল’ নামে উল্লেখ করছে। অন্যদিকে, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে উঠেছে। রোববারের ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন। সূত্র: নিউজ নাউ

ডেস্ক রিপোর্ট 




















