রাজধানীর হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে প্রায় ১৫–২০ জন যুবক ব্যানার নিয়ে হঠাৎ করে মিছিল শুরু করে। মাত্র পাঁচ মিনিট সড়কে অবস্থান করে তারা ব্যানার গুটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।
ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং মোট ১১ জনকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।
পুলিশ জানায়, মিছিলকারীরা ব্যানার গুটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই কয়েকজনকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে ধরা হয়।
ঘটনার পর এলাকায় স্বল্প সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডেস্ক রিপোর্ট 
























