রাজশাহীর বাগমারায় পুকুরের মাছ লুট, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে উপজেলা ছাত্রদল আহ্বায়ক পদ থেকে অব্যাহতি প্রাপ্ত মহব্বত হোসেনকে মোহনগঞ্জ ডিগ্রি কলেজ কমিটির সভাপতি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকারের চিঠিতে ৭ সেপ্টেম্বর এই সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে কলেজ কমিটির সভাপতি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। অভিযোগ আছে, টুটুলের শিক্ষা সনদ নিয়ে প্রশ্ন থাকায় তার অনুসারী মহব্বতকে সভাপতি করা হয়েছে। এ সিদ্ধান্তে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

মহব্বত হোসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি পুকুরপাড়ে একজন মাছচাষিকে অবরুদ্ধ করে মাছ লুট করেন। এই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলে লিখিত অভিযোগও জমা পড়ে। এসব কারণে গত বছরের ১৯ অক্টোবর তাকে উপজেলা আহ্বায়ক পদ ছাড়াও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

স্থানীয়রা বলছেন, রাজনৈতিক প্রভাবের কারণে অব্যাহতি প্রাপ্ত একজন নেতাকে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি করা হয়েছে। সাবেক অতিরিক্ত সচিব সুলতান মাহমুদ জানিয়েছেন, শিক্ষার প্রসারে এলাকার মানুষের কল্যাণের উদ্দেশ্যেই তিনি পদে ছিলেন, কিন্তু কলেজে বিতর্কিত নেতার পদায়ন শিক্ষাব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে।