চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে ঐক্যের বিষয়ে আলোচনা করছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনে ঐক্য গড়তে তারা প্রস্তুত এবং এ বিষয়ে অন্য ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা চলছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে চাকসু নির্বাচনের জন্য ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাছির উদ্দীন নাছির এ কথা জানান।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী হয়েছেন দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আইয়ুবুর রহমান তৌফিককে মনোনয়ন দিয়েছে সংগঠনটি।
এ ছাড়া ছাত্রদল বিভিন্ন পদে মনোনয়ন দিয়েছে খেলাধূলা ও ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি, দপ্তর, ছাত্রী কল্যাণ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, সমাজসেবা, স্বাস্থ্য, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন, ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক, যোগাযোগ ও আবাসন, আইন ও মানবাধিকার এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে। সদস্য পদে মনোনয়ন পেয়েছেন ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন ইমন।
আগামী ১২ অক্টোবর চাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল বুধবার। চার দিনে চাকসু ও হল সংসদের মোট ২৩২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র নিয়েছেন ১,১৬২ জন প্রার্থী। এর মধ্যে চাকসুর ২৬টি পদে ৫২৮ জন এবং ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে ৬৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

