রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেন, নির্বাচন পদ্ধতি নিয়ে ঐকমত্য না হলে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া উচিত। তিনি বলেন, “যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে, তাহলে আমরা দাবি করতে পারি। আর না থাকলে আমরা দাবি করবো না। সরকারকে অবশ্যই রেফারেন্ডাম দিতে হবে।”
তিনি অভিযোগ করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে সরকারের গড়িমসির পেছনে অন্য কোনো দেশের ইঙ্গিত থাকতে পারে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবিও তিনি তোলেন। তার ভাষ্য, “অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি কাজের জন্য বসেছে। দৃশ্যমান সংস্কার আর বিচার না করে শুধু নির্বাচন আয়োজন করলে সরকার নিরপেক্ষতা হারাবে।”
মুফতি ফয়জুল করিম বলেন, ইসলামী আন্দোলন ২০০৮ সাল থেকেই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে। জনগণের ৮০ শতাংশ এর পক্ষে—এমন জরিপের কথা উল্লেখ করে তিনি বলেন, পিআরের কিছু সীমাবদ্ধতা থাকলেও এটি স্থিতিশীল সংসদ ও সবার অংশগ্রহণের পথ খুলে দেয়। বিএনপিরও পিআর নির্বাচনে আপত্তি থাকার কথা নয় বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমতিয়াজ আলম আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী ১৪ দলকে নিষিদ্ধ করার দাবি জানান।

ডেস্ক রিপোর্ট 



















