রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান মনে করেন, আগামী নির্বাচনে ইসলামী দলগুলো শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে জোটবদ্ধ থাকবে না। তিনি সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন।

ডা. জাহেদ বলেন, “জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচনে যতজনকে সম্ভব পাশে রাখার চেষ্টা করছে। তবে শেষ পর্যন্ত ইসলামিস্ট দলগুলোও তাদের সঙ্গে থাকবে বলে আমি মনে করি না।” তিনি আরও উল্লেখ করেন, “শুরুতে আটটি দল তাদের সঙ্গে থাকার কথা ছিল। এর মধ্যে তিনটি—এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও এনসিপি—ইসলামিস্ট নয়। অথচ এরা এখন আর জামায়াতের সঙ্গে নেই, যা জামায়াতের জন্য গুরুত্বপূর্ণ।”

তিনি ইতিহাসের দিকেও ইঙ্গিত দিয়ে বলেন, “জামায়াত সবসময় অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে। ১৯৪৭ সালে যখন এই ভূখণ্ডের মানুষ পাকিস্তান চাইছিল, তারা ভারতের পক্ষে ছিল। আবার ১৯৭১ সালে স্বাধীনতার প্রশ্নে তারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল।”

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, “জামায়াতের তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন সমর্থনযোগ্য ছিল। কিন্তু বর্তমান সময়ে নির্বাচনী প্রচারণায় তারা মারাত্মক ভুল করছে। পিআর পদ্ধতিকে কেন্দ্র করে মাঠে নামার কারণে নেতিবাচক প্রভাব পড়বে। বিষয়টি নিয়ে এত কথা বলার পর এখন আর তারা পিছিয়ে আসতে পারছে না। যদি এটি তাদের নির্বাচনী কৌশল হয়, তবে তা ভয়াবহ ভুল হতে পারে।”