ফরিদপুরের ভাঙ্গা কুমার নদে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর ও তরুণদের মহড়া দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সম্পর্কিত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙ্গা পৌর এলাকার বাইসাখালি, চণ্ডীদাসদী থেকে আতাদী ও পূর্ব সদরদী পর্যন্ত কুমার নদীর প্রায় চার কিলোমিটারে অন্তত ২০টি স্পিডবোট ও অর্ধশত ট্রলারে কিশোর-তরুণেরা মহড়া দিয়েছে। ভিডিওতে দেখা যায়, স্পিডবোট থেকে রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র প্রদর্শন করা হয়।
ঘটনার পর রাতে ভাঙ্গা থানা-পুলিশ কুমার নদে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কিশোর-তরুণেরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, এটি ভাঙ্গা কুমার নদের নৌকাবাইচের প্রাচীন ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত হলেও, সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক বিরোধ ও নিরাপত্তা সমস্যা কারণে অনুষ্ঠান স্থগিত আছে।

