বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তরুণরা চায় বাস্তব সুযোগ, জনগণ চায় স্থিতিশীলতা আর বিশ্ব চায় বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে। এই প্রত্যাশা পূরণে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান জানান, নানা অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে সাত হাজারেরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, কেউ বহিষ্কৃত হয়েছেন। বাস্তবতার প্রেক্ষিতে এসব সিদ্ধান্ত জরুরি ছিল।
তিনি বলেন, এভাবেই বিএনপি জনগণের—বিশেষত তরুণদের—আস্থা পুনর্গঠন করতে চায়। আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করতে দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করা হচ্ছে।
বিএনপি শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতিসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নীতিমালা তৈরি করেছে। নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ বাড়িয়ে অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিচ্ছে দলটি।
তারেক রহমান বলেন, দেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় নতুনভাবে চিন্তা-নির্ভর পদক্ষেপ নিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সামনে রেখেই বিএনপি সততা, তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতাকে রাষ্ট্রগঠনের ভিত্তি করতে চায়।

