আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে দম্পতি প্রার্থী হিসেবে নাম লিখিয়েছেন হাবিব-সানজিদা। স্বামী-স্ত্রী হিসেবে তারা একসাথে প্রচারণা চালিয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছেন এবং গত নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী।
মো. হাবিবুর রহমান (হাবিব) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কেন্দ্রীয় সংসদে নির্বাহী সদস্য পদে প্রার্থী। তার স্ত্রী সানজিদা ইসলাম একই শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী, তিনি মন্নুজান হল সংসদে সাহিত্য ও বিতর্ক সম্পাদক পদে লড়ছেন।
প্রার্থী সানজিদা ইসলাম বলেন, “আমরা আগে থেকেই বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত, বন্ধু-বান্ধব ও সিনিয়র-জুনিয়রদের অনুপ্রেরণা আমাদের এই পথে এগোতে উদ্বুদ্ধ করেছে। আমাদের যোগ্যতা ও অভিজ্ঞতা ব্যবহার করে শিক্ষার্থীদের জন্য সেবা দিতে চাই।” হাবিবুর রহমান যোগ করেন, “আমরা দুইজন দুটি ভিন্ন পদে প্রতিযোগিতা করছি, কারণ আমাদের দক্ষতা দুটি ভিন্ন জায়গায় কার্যকর।”
নির্বাচনী প্রচারণার সময় তারা উল্লেখ করেন, বড় চ্যালেঞ্জ হচ্ছে দীর্ঘ ছুটির কারণে অনেক শিক্ষার্থী বাসায় চলে যাওয়া। তবে এখনও পর্যন্ত বুলিং বা নেতিবাচক কোনো ঘটনা হয়নি, বরং প্রচুর অনুপ্রেরণা পেয়েছেন তারা।
উল্লেখ্য, ডাকসুতে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ প্যানেল থেকে রায়হান উদ্দিন ও উম্মে সালমা এবং জাকসুতে 'সমন্বিত শিক্ষার্থী জোট' থেকে তারিকুল ইসলাম ও নিগার সুলতানা দম্পতি বিজয়ী হয়েছেন।

