রাজধানী ঢাকার বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও দূষিত শহরের তালিকায় উপরের দিকে রয়েছে ঢাকা। শুক্রবার ছুটির দিনেও ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ১৭৩। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী।
একই সময়ে ২১০ স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ১৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে কুচিং এবং ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। ভারতের কলকাতা ছিল পঞ্চম অবস্থানে, স্কোর ১৬০।
বায়ুমানের সূচক অনুযায়ী, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের বাতাসে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে বস্তুকণা, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোনসহ বিভিন্ন দূষক বিবেচনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলোকে উল্লেখ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















