২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলার ঘটনায় তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
রোববার নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তদন্তের খসড়া তালিকায় ৬১ জন নিহতের তথ্য রয়েছে। বাকি তিনজনের পরিচয় শনাক্তের কাজ এখনও চলছে। তিনি জানান, হেফাজতের নেতাদের সঙ্গে খসড়া প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে, যাতে কোনো অভিযুক্ত বাদ না পড়ে এবং নির্দোষ কেউ আসামি না হন। নির্ধারিত সময় অনুযায়ী ২১ জুলাই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের আশা প্রকাশ করেন তিনি।
এদিকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক দাবি করেন, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। তার ভাষ্য, সে সময় অনেক মরদেহ গুমের চেষ্টা হয়েছিল, তাই তদন্ত প্রতিবেদনে সব তথ্য উঠে আসেনি।
এর আগে তদন্ত সংস্থার প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ ৪১ জনকে আসামি করা হয়েছে। তালিকায় তৎকালীন পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কয়েকজন গণমাধ্যম-সংশ্লিষ্ট ব্যক্তির নামও রয়েছে।

