রাষ্ট্রপতি নির্বাচন একটি হাই-প্রোফাইল ও ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টরা এই নির্বাচনের ভোটার। ভোটগ্রহণ শেষে গণনা করে তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। তাঁর ঘোষণা করা ফলাফলই চূড়ান্ত বলে গণ্য হবে।
সরাসরি সম্প্রচারের বিষয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, স্পিকার ও প্রধানমন্ত্রীর ভোট দেওয়ার দৃশ্য বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর সম্প্রচার সাময়িকভাবে বন্ধ থাকবে। ভোট গণনা শুরু হলে আবারও সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশনের উপস্থিতিতে কেউ কোনো ধরনের প্রচার-প্রচারণা চালাতে পারবেন না।
রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। এই ঐতিহাসিক নির্বাচনের দিকে দেশ-বিদেশের মানুষের নজর রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ডেস্ক রিপোর্ট 




















