ভারতের কয়েকজন ব্যবসায়ী ও কর্পোরেট নির্বাহীর ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। মার্কিন দূতাবাস জানায়, ফেন্টানিল নামক মাদক তৈরিতে ব্যবহৃত প্রি-কর্সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে ব্যবসায়ী নির্বাহী ও তাদের পরিবারের সদস্যদের ভিসা বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এ পদক্ষেপ আমেরিকানদের বিপজ্জনক সিন্থেটিক মাদক থেকে সুরক্ষিত রাখার অংশ।
এছাড়া দূতাবাস জানায়, অভিযুক্ত ব্যবসায়ী ও তাদের নিকট আত্মীয়রা ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হতে পারেন। ফেন্টানিল প্রি-কর্সার পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভিসা আবেদন বর্তমানে কঠোরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।
এ বিষয়ে এখনও ভারতীয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, কোম্পানি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে দেওয়া এক বার্তায় ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার ও চীনসহ ২৩টি দেশকে বড় মাদক উৎপাদক ও পাচারকেন্দ্র হিসেবে আখ্যায়িত করেছিলেন।

