বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, চলমান সংস্কারপ্রক্রিয়ার নিজেরই সংস্কারের প্রয়োজন রয়েছে। এক বছর ধরে প্রক্রিয়া চললেও কোনো সমাধান আসছে না, কারণ কমিশন প্রথাগত পদ্ধতি থেকে বের হতে পারছে না।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দেশে জোর করে একনায়কতন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, যাতে ভিন্নমত টিকে থাকতে না পারে। তবে গণতন্ত্রের জন্য বৈচিত্র্য অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, শতকরা ৬০ থেকে ৭০ ভাগ বিষয়ে ইতিমধ্যে ঐকমত্য তৈরি হয়েছে, কিন্তু সব বিষয়ে একমত হওয়ার প্রয়োজন নেই।

তিনি ‘ইউনিটি ইন ডাইভারসিটি’ প্রবাদ উল্লেখ করে বলেন, গণতন্ত্রে ভিন্নমত থাকাই স্বাভাবিক। নতুন সংবিধান বা বড় ধরনের পরিবর্তন যদি স্বাভাবিক প্রক্রিয়ায় আসে, তা মেনে নেওয়া হবে, কিন্তু জোর করে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।