সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে যমুনা নদীর তীরে নির্মিত সোলার পাওয়ার প্লান্ট থেকে প্রায় ১ কোটি টাকার তামা ও আনুষঙ্গিক মালামাল লুটের অভিযোগ উঠেছে। ঘটনায় স্থানীয় বিএনপি নেতা রফিক সরকারের দুই ভাতিজা পারভেজ হোসেন পার্থ ও পলাশসহ মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তাকর্মী মেহেদী হাসান অয়ন সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ১৭ অক্টোবর সকালে লুট করা মালামাল বহনের সময় নিরাপত্তাকর্মীরা বাধা দিলে হামলাকারীরা হকিস্টিক ও ধারালো অস্ত্র দিয়ে অয়ন ও তার সহকর্মী আব্দুল হাকিমকে আহত করে। এরপর তারা মালামাল নিয়ে পালিয়ে যায় এবং নিরাপত্তাকর্মীদের প্রাণনাশের হুমকি দেয়।

অভিযোগে নাম এসেছে—পারভেজ হোসেন পার্থ (২৬), পলাশ (২৪), মো. কালাম (২৭), নোমান (২৫), রুহুল আলী (২৮), রুবেল আলী (২৭), খলিল আলী (২৩) ও সাইদুল ইসলাম (২৫)।

অভিযোগকারী জানান, থানায় অভিযোগ দেওয়া হলেও তা এখনো এজাহার হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ বলেন, “ঘটনাস্থলে একাধিকবার তদন্ত করেছি। অভিযোগে উল্লিখিত ব্যক্তিরা জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জানতে চাইলে সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিক সরকার বলেন, তিনি বর্তমানে একটি মিটিংয়ে আছেন, পরে মন্তব্য করবেন।