রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, এলাকার নিরাপত্তা জোরদারের জন্য স্থাপন করা সিসি ক্যামেরাও চুরির হাত থেকে রক্ষা পায়নি।
শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন। তবে দুঃখজনকভাবে ক্যামেরাগুলো স্থাপনের ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হয়ে যায়। এই ঘটনাকে তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। তিনি জানান, শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষকেও সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
এ সময় তিনি জানান, অপরাধ দমনে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে।
পাশাপাশি এলাকায় পুলিশের টহল কার্যক্রম আরও জোরদার করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। অপরাধীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
সভায় স্থানীয় বাসিন্দারা গ্যাস সংকটের বিষয়টিও তুলে ধরেন। এ বিষয়ে ববি হাজ্জাজ বলেন, এটি শুধু মোহাম্মদপুরের নয়, বরং সারা দেশের একটি সমস্যা। তবে অনুমোদিত এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ ব্যবস্থার আরও উন্নয়ন ও সম্প্রসারণের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
উন্মুক্ত এই টাউন হল সভায় স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নিয়ে নিজেদের এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

ডেস্ক রিপোর্ট 

























