বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হয়েছে। তবে হতাশার মাঝেও দেশের জার্সির প্রতি ভালোবাসা আর ভবিষ্যতের প্রত্যয় ফুটে উঠেছে আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার নিকো পাজের কথায়। ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার আবেগঘন বার্তা ছুঁয়ে গেছে সমর্থকদের।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর যখন আর্জেন্টিনার ফুটবলাররা নীরবে মাঠ ছাড়ছিলেন, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ছোঁয়া একটি বার্তা দেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ।
ফাইনালে মাঠে নামার সুযোগ না পেলেও, ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে দেশের জার্সি পরার গর্ব প্রকাশ করেন তিনি। পাজ লেখেন, “আজও আমি গর্বিত এই দেশ ও এই দলকে প্রতিনিধিত্ব করতে পেরে। এমন একটি দলের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ, যারা প্রতিটি মুহূর্তে নিজেদের সর্বস্ব উজাড় করে দেয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, একদিন বিশ্বকাপ আবারও আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে নিজের সর্বোচ্চটা দেব।”
এই বিশ্বকাপে নিকো পাজ গড়েছেন এক অনন্য ইতিহাসও। স্পেনের তেনেরিফে জন্ম নেওয়া এই ফুটবলারই প্রথম, যিনি নিজের জন্মভূমির বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের অংশ হয়েছেন।
স্পেনে বেড়ে উঠলেও ছোটবেলা থেকেই আর্জেন্টিনার জার্সি পরার স্বপ্ন দেখতেন পাজ। তার ভাষ্য, বাবার কাছ থেকেই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, আর সেই টানই তাকে স্পেন নয়, আলবিসেলেস্তেদের প্রতিনিধিত্ব করতে অনুপ্রাণিত করেছে।
ফাইনালের হার হয়তো নিকো পাজের জন্য বেদনাদায়ক স্মৃতি হয়ে থাকবে। তবে তার বার্তা বলে দিচ্ছে, এই পরাজয়ই শেষ নয়। বরং আর্জেন্টিনার হয়ে একদিন বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে চান এই তরুণ মিডফিল্ডার।

ডেস্ক রিপোর্ট 

























