মেহেরপুরের গাংনী ও কাজিপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে তিনজনকে আটক করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
১৯ সেপ্টেম্বর ভোর ৪টার সময় রংমহল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭/৬-এস এর কাছে অভিযান চালায় বিজিবি। হাবিলদার মোখলেছুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সাথীয়ান গ্রামের মাসুদ রানা (৪০), তার স্ত্রী আনেরা বেগম (৩২) এবং খাসমহল গ্রামের লোকমান আলী (৩৫)-কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়। এসবের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৯০ হাজার ৫০০ টাকা।
এর আগে, ১৮ সেপ্টেম্বর রাত ১১টা ৩০ মিনিটে কাজিপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সুবেদার সাহাবুদ্দিনের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ১৪৬/৩-এস সংলগ্ন কাজিপুর বর্ডার পাড়া মাঠ থেকে ২০ বোতল ভারতীয় মদ ও ৫৭০ পিস সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ লাখ ১ হাজার টাকা।
বিজিবি জানায়, আটক তিন আসামিকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের স্টোরে জমা রাখা হয়েছে। দুই অভিযানে সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজার ৫০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক অভিযান তারই প্রমাণ। ভবিষ্যতেও মাদক ও চোরাচালান নির্মূলে আরও কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

