পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া তালুকদার বাড়ি জামে মসজিদের ১৫.৮০ একর জমি এখন অনাবাদি পড়ে আছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি নেতা নজরুল খাঁনের বাধার কারণে এ জমিতে কয়েক বছর ধরে নিয়মিত চাষাবাদ করা যাচ্ছে না। এতে মসজিদের উন্নয়নের জন্য আয়ের পথ বন্ধ হয়ে গেছে।

মসজিদ কমিটির সদস্যদের তথ্য অনুযায়ী, দানবীর সফিজ উদ্দিন হাওলাদার ওয়াকফ দলিলের মাধ্যমে ১৯৫৭ সালে (ইসি নম্বর ১৬১১৭) জমিটি মসজিদের নামে হস্তান্তর করেন। সাত দশক ধরে এই জমি থেকে প্রাপ্ত আয়ের টাকা মসজিদের উন্নয়নে ব্যয় হতো। কিন্তু গত বছর চাষাবাদের উদ্যোগ নিলে সংঘর্ষের ঘটনা ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।

উপজেলা ভূমি অফিস জানায়, কৃষ্ণপুর-১৮ মৌজার ৪ নম্বর খতিয়ানের ১৪.৬৩ একর জমি চালিতাবুনিয়া তালুকদার বাড়ি জামে মসজিদের পক্ষে মোতওয়াল্লির নামে নিবন্ধিত। ২০২৪-২৫ অর্থবছরের বকেয়াসহ ৩২ হাজার ১৪০ টাকা ভূমি উন্নয়ন করও পরিশোধ করা হয়েছে।

মসজিদ কমিটির সদস্য মো. আতিকুর রহমান পিন্টু বলেন, জমি চাষাবাদের জন্য ইউএনও বরাবর আবেদন করলেও প্রতিকার মেলেনি। বিএনপি নেতা নজরুল খাঁন বলেন, জমিটি তাদের দাবি করা সম্পত্তি, এ নিয়ে আদালতে মামলা চলছে।

উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার জানান, প্রাথমিকভাবে জমির মালিকানা মসজিদের পক্ষে স্পষ্ট। প্রয়োজনে বর্গাচাষির মাধ্যমে চাষাবাদের উদ্যোগ নেওয়া হবে।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, জমি সংক্রান্ত অভিযোগ আদালতের এখতিয়ারভুক্ত। গত বছর সংঘর্ষের ঘটনায় ফৌজদারি মামলা হয়েছে। এ বছরও যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটে, পুলিশ আইনি ব্যবস্থা নেবে।