ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে ৪ হাজার ৫১০ কোটি ডলার খরচ হয়েছে বলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কংগ্রেসকে জানিয়েছে পেন্টাগন। বিষয়টি সম্পর্কে জানেন, এমন দুটি সূত্র এ তথ্য জানিয়েছে
সূত্র দুটি জানায়, আইনপ্রণেতাদের পেন্টাগন জানিয়েছে, ৩ সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধে খরচ হয়েছে ৪ হাজার ৩৬০ কোটি ডলার। এর সঙ্গে অতিরিক্ত জ্বালানির জন্য আরও ১৫০ কোটি ডলার খরচ হয়েছে। তবে এই হিসাব যুদ্ধের মোট খরচের পূর্ণাঙ্গ হিসাব নয়।
একটি সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি বা ভবন মেরামতের খরচের কোনো হিসাব এতে অন্তর্ভুক্ত নেই।আইনপ্রণেতারা যে পরোক্ষ সামরিক ব্যয়ের বিস্তারিত হিসাব চেয়েছিলেন, পেন্টাগন কংগ্রেসকেও তা দেয়নি।
পেন্টাগনের দেয়া ৪ হাজার ৫১০ কোটি ডলারের এই খরচের হিসাব কংগ্রেসনাল বাজেট অফিসের (সিবিও) হিসাবের চেয়ে বেশি। সিবিও জানিয়েছিল, ১ আগস্ট পর্যন্ত যুদ্ধে ৩ হাজার ৮০০ কোটি ডলার খরচ হতে পারে। এর আগে জুলাইয়ে পেন্টাগনও জানিয়েছিল, যুদ্ধে খরচ হয়েছে ৩ হাজার ৭৫০ কোটি ডলার।বাজেট অফিসও জানিয়েছে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত মার্কিন স্থাপনা মেরামতের খরচ তাদের হিসাবের মধ্যে নেই। সংস্থাটি জানিয়েছে, মোট খরচের বড় অংশ হয়েছে গোলাবারুদ কেনার পেছনে। সিবিও হিসাব করেছে, ১ আগস্টের পরও যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্রের প্রতি মাসে প্রায় ২০০ থেকে ৩০০ কোটি ডলার খরচ হবে। লড়াই তীব্র হলে এই খরচ আরও বাড়বে বলে হিসাব করা হয়েছে।
বাজেট অফিস কংগ্রেসকে আরও জানিয়েছে, এই যুদ্ধ ২০২৭ সালের প্রথম প্রান্তিকে মূল্যস্ফীতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 


















