বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নে জামালপুরের মাদারগঞ্জের ছাত্রদল নেতাকর্মীরা ‘ডাকসু’র পূর্ণরূপ বলতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “হায়রে ছাত্রদল! আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেবো, অথচ নেতৃত্ব দেয়ার ন্যূনতম যোগ্যতাও আমাদের নেই। যোগ্যতা নাই বলেই ডাকসু, জাকসু, চাকসু, রাকসু—সবখানে ওরা (শিবির) জিতে।”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওটি গত শনিবার বিকেলে মাদারগঞ্জের বীরগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভার। মাদারগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সভাটি হয়।

সভায় বাবুল আরও বলেন, “চারটি বিশ্ববিদ্যালয়েই বিশেষ একটি ছাত্র সংগঠন জিতেছে কারণ আমাদের যোগ্যতা, মেধা ও কর্ম নেই। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্কও নেই। কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়—কোথাও আমাদের ইতিবাচক উপস্থিতি নেই।”

তিনি আরও বলেন, “আল্লাহ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনবেন ঠিকই, কিন্তু মানুষের মন জয় করতে না পারলে বেশিদিন টেকে থাকা সম্ভব নয়। ১৪ মাসে ১৪টি ভোট কমেছে—আসলে ভোট কমেছে অনেক বেশি।”

বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে বাবুল বলেন, “ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের সেরা মেধাবী শিক্ষার্থীরাই পড়ে। ওরা ভোট দেয়নি, কিন্তু ওরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের মন জয় করতে না পারলে সামনে বিপদ।”

উক্ত ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতাসহ নানা মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।
মোস্তাফিজুর রহমান বাবুল বর্তমানে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ প্রার্থী হিসেবে প্রচারণায় ব্যস্ত রয়েছেন।