জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রংপুরে বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন, বিপ্লবীদের নিরাপত্তা এবং গণহত্যাকারীদের বিচার নিশ্চিত না করে কেবল দায়সারা নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মুখোমুখি হতে হবে।
রংপুর জেলা ও মহানগর কমিটির সমন্বয়ক সভার পর রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ হলরুমে তিনি সাংবাদিকদের বলেন, সরকার যদি গুরুত্বপূর্ণ ইস্যু উপেক্ষা করে শুধু নির্বাচনের দিকে মনোযোগ দেয়, তাহলে জনগণের আস্থা সংকট তৈরি হবে।
সারজিস আলম আরও বলেন, বিএনপির নোট অব ডিসেন্ট থাকা সত্ত্বেও জুলাই সনদের আইনগত বাস্তবায়ন দরকার। এ ছাড়া এনসিপি শাপলা প্রতীকের অধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে ইতোমধ্যে বৈঠক করেছে এবং আইনগত কোনো বাধা না থাকলে আগামী নির্বাচনে শাপলা প্রতীকের মাধ্যমে অংশগ্রহণ করবে।
তিনি জানান, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা হবে, এবং নভেম্বর বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ওয়ার্ড পর্যায়ে কমিটি সম্পন্ন হবে। সভায় এনসিপি রংপুর জেলার প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব, মহানগর প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা, নেতা আলমগীর নয়ন, আলমগীর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

