জামায়াতের বিপক্ষে কথা বললেই তাদের বট টিম হাজির হয়ে গালাগাল করে, এমনকি শারীরিক আক্রমণেও যায়— এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের সময় ভিন্নমত প্রকাশ করলে ট্রায়াল চলত, হামলা হতো— এখনো একই চিত্র দেখা যাচ্ছে। এখন জামায়াতের বিরুদ্ধেও কিছু বললে তাদের বট টিম হাজির হয়ে গালাগাল করে, এমনকি আঘাত করতেও আসে। আওয়ামী লীগের সময় বলা হতো শেখ হাসিনা বা শেখ মুজিবের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এখন বলা হয়— আমাদের আমিরের বিরুদ্ধেও কিছু বলা যাবে না।”

জুলাই সনদ প্রসঙ্গে হান্নান মাসউদ বলেন, “জুলাই সনদে যারা সই করেছে, তাদের ৯৫ শতাংশ পরিবারের সন্তানই বিদেশে। তারা এই দেশকে ধারণ করে না। যদি সত্যিই তারা জুলাই অভ্যুত্থানকে গ্রহণ করত, তবে আইনি ভিত্তি ও কার্যকারিতা নিশ্চিত না করে তামাশায় অংশ নিত না।”

তিনি আরো বলেন, “আগে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ হতো, এখন জামায়াত ও বিএনপির সংঘর্ষ হচ্ছে ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে। ভিন্নমতের ওপর হামলা, গালাগাল— সবই একই রাজনীতির ধারাবাহিকতা।”

হান্নান মাসউদ বলেন, “আমরা জুলাইয়ের কাছে ওয়াদাবদ্ধ। জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চাই। সরকার যদি তা নিশ্চিত না করে, তাহলে আমরা আর প্রতারিত হতে চাই না।”

শেষে তিনি মন্তব্য করেন, “যুদ্ধের সময় গরিব ও মধ্যবিত্তরা তাদের সন্তান দেয়, ব্যবসায়ীরা রুটি দেয়, রাজনৈতিক দলগুলো সাপোর্ট দেয়। কিন্তু যুদ্ধ শেষে গরিবেরা লাশ খোঁজে, রাজনীতিবিদরা সমঝোতা করে, আর ব্যবসায়ীরা মুনাফায় মেতে ওঠে।”