ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, গত ১৫ বছর ছাত্রলীগ ও আওয়ামী লীগ শিবিরের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। কোরআন তেলাওয়াত বা ইফতার অনুষ্ঠানও করতে দেয়নি, এমনকি সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে।

তিনি বলেন, “বর্তমানে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে অনেকের আচরণ মিলে যাচ্ছে। আওয়ামী লীগের মতো যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডে লিপ্ত, তারাও ফ্যাসিস্ট। ফ্যাসিবাদের কারণেই আওয়ামী লীগ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না।”

সোমবার দুপুর ২টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে আদর্শ ও সততার জায়গায় কোনো আপস করেনি। এজন্যই আজ শিবির এতদূর এসেছে। আমরা কাউকে শিবির করতে বলি না, শুধু জানতে বলি—শিবির তোমাকে আদর্শ ও ভালো ছাত্র হতে শেখায়, যেমনটি তোমার পিতা-মাতাও চান।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা সভাপতি রাকিব মাহমুদ। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, শিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ, জেলা ছাত্রশিবির সভাপতি মো. এমরান খান এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক প্রমুখ।