স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন। তার অভিযোগ, বর্তমান ফিফা নেতৃত্বের সিদ্ধান্তগুলো বিশ্ব ফুটবলের দীর্ঘমেয়াদি স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে এবং ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’। প্রতিবেদন বিবিসির।
ইতালির সংবাদপত্র লা গাজ্জেত্তা দেলো স্পোর্তকে দেয়া এক সাক্ষাৎকারে তেবাস বিশ্বকাপে বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি, ফাইনালের দীর্ঘ হাফটাইম, যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত এবং ভবিষ্যতে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনারও কঠোর সমালোচনা করেন।
ইনফান্তিনোর পদত্যাগ প্রসঙ্গে তেবাস বলেন, ‘আমার মতে, হ্যাঁ। আমি মনে করি, তার সময় শেষ হয়ে গেছে।’ তবে তিনি স্বীকার করেন, ফিফার সদস্য জাতীয় ফুটবল ফেডারেশনগুলোর সমর্থন থাকায় ইনফান্তিনো সহজে পদ হারাবেন না।
তেবাসের ভাষায়, ‘ফিফার নির্বাচন ব্যবস্থা মূল থেকেই ত্রুটিপূর্ণ। কেউ বিরোধী প্রার্থী হতে চায় না, কারণ সবাই জানে ফল কী হবে।’
২০২৬ বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে অবস্থান করে তিনি বিভিন্ন ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলেছেন বলে জানান। তিনি বলেন, ‘অনেকেই ব্যক্তিগতভাবে ইনফান্তিনোর সিদ্ধান্তের বিরোধিতা করেন। কিন্তু প্রকাশ্যে কেউ কিছু বলেন না। এই নীরবতাও ফুটবলের ক্ষতির জন্য দায়ী।’
তেবাসের দাবি, যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত ছিল অত্যন্ত বিতর্কিত। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পরই ওই সিদ্ধান্ত নেয়া হয়। তেবাস বলেন, ‘বেলজিয়াম যদি যুক্তরাষ্ট্রকে হারাতে না পারত, তাহলে এই ঘটনাই হয়তো ইনফান্তিনোর পদ হারানোর কারণ হতে পারত।’
২০২৬ বিশ্বকাপে প্রতিটি ম্যাচে বাধ্যতামূলক তিন মিনিটের হাইড্রেশন বিরতি চালু করে ফিফা। সংস্থাটি এটিকে খেলোয়াড়দের কল্যাণের জন্য নেয়া সিদ্ধান্ত বলে জানালেও সমালোচকদের মতে, এটি মূলত সম্প্রচারকারীদের বিজ্ঞাপন প্রচারের সুযোগ করে দিয়েছে।
এছাড়া বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৫ মিনিটের পরিবর্তে ২৭ মিনিট ২২ সেকেন্ড করা হয়। ওই অনুষ্ঠানে ম্যাডোনা, বিটিএস, শাকিরা ও জাস্টিন বিবারসহ একাধিক বিশ্বখ্যাত শিল্পী পারফর্ম করেন।
এ নিয়ে তেবাস বলেন, ‘ফিফা ফুটবলের স্বার্থে নয়, নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নেয়। হাইড্রেশন বিরতির অজুহাতও ছিল মিথ্যা। ডালাস, লস অ্যাঞ্জেলেস ও আটলান্টার স্টেডিয়ামগুলোতে এতটাই শীতাতপ নিয়ন্ত্রণ ছিল যে গ্যালারিতে আমাকে জ্যাকেট পরতে হয়েছে। এসব বিরতি ছিল বিজ্ঞাপনের জন্য।’

ডেস্ক রিপোর্ট 


















