রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা ভোটে বিএনপি মনোনীত মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অলি আহমদ।
সাধারণ ও সংরক্ষিত আসন মিলিয়ে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ছিলেন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। তাদের মধ্যে ৯ জন ভোটদানে অনুপস্থিত ছিলেন।
ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট।
বৃহস্পতিবার বিকেলে সংসদ কক্ষে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরে সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
এর মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ার শেষ ধাপে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডেস্ক রিপোর্ট 























