বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে মেয়ে শামারূহ মির্জার আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে বাবার শুভেচ্ছা গ্রহণের একটি ছবি পোস্ট করে মাত্র দুই শব্দে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি—‘ধন্যবাদ, কৃতজ্ঞতা।’
শুক্রবার (২১ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন শামারূহ মির্জা। ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে নির্বাচন কমিশন তার নির্বাচনের ফল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনে যুক্ত হলো নতুন এক অধ্যায়। গত ১৩ আগস্ট বিএনপি তাকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়ান।
তবে এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও পরিবারের সমর্থন। স্ত্রী রাহাত আরা বেগম এবং দুই মেয়ে শামারূহ ও সাফারূহ দীর্ঘদিন ধরেই তার রাজনৈতিক জীবনের সঙ্গী।
এর আগে নিজের জন্মদিন উপলক্ষে দেওয়া এক পোস্টেও স্ত্রী ও মেয়েদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন মির্জা ফখরুল। তাদের সমর্থন তার জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছিলেন তিনি।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণার পর পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যেও দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস। আর বাবার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শামারূহের ছোট্ট এই পোস্ট যেন সেই দীর্ঘ পথচলার প্রতি কৃতজ্ঞতা ও পারিবারিক আবেগকেই তুলে ধরেছে।

ডেস্ক রিপোর্ট 

























