মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আভাস পাওয়া গেছে। নতুন করে চারজনকে মন্ত্রিসভায় যুক্ত করার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আনা হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র এনপিবি নিউজকে জানিয়েছে, নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চারজনের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সূত্র অনুযায়ী, ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। আর আন্দালিব রহমান পার্থকে নৌপরিবহন মন্ত্রণালয়, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে।
এদিকে সরকারের কার্যক্রমে গতি আনতে বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তার শপথ নেওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। নতুন রাষ্ট্রপতিই তাদের শপথ পড়াবেন।

ডেস্ক রিপোর্ট 

























