বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাস দেওয়ার পর শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে। আলোচিত এ হত্যাকাণ্ডে হাইকোর্ট ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল রেখেছেন।

সম্প্রতি বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি আবরারকে শিবির হত্যা করেছে বলে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, ‘আমরা ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলতাম, কিন্তু তারা আসলে শিবির ছিল। আবরারকে যারা হত্যা করেছে তাদের আসামিদের উকিল শিশির মনির, এখান থেকে বোঝা যায় তাদের পরিচয়।’

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে আবরার হত্যার আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের নাম আলোচনায় আসে। সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে তিনি পরে আসামিপক্ষ থেকে সরে দাঁড়ান।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ। শনিবার নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এক দলের সন্ত্রাসীরা শিবির ট্যাগ দিয়ে পিটিয়ে মারে। এক দলের আইনজীবী আদালতে সেই সন্ত্রাসীদের বাঁচাতে লড়ে। এক দলের নেত্রী সেই সন্ত্রাসীদের দায়মুক্তি দিতে নতুন শিবির থিওরি বানায়। কী আর বলবো বলেন?’