মক্কার পবিত্র মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল–মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সৌদি আরবসহ বিশ্বের মুসলিমদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
আরব সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি মোতাবেক ২১ সেপ্টেম্বর ২০২৬ ভোরে শায়খ ইবরাহিম আল–মাদানি ইন্তেকাল করেন। শায়খ ইবরাহিম বিন আদেল আল–মাদানি মসজিদুল হারামের অন্যতম মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পবিত্র কাবা শরিফের আঙিনায় তাঁর সুমধুর কণ্ঠে আজান ও তাকবির মুসল্লি ও বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পরিচিত ছিল। সৌদি আরবের ধর্মীয় কর্তৃপক্ষের ওয়েবসাইটেও তাঁকে মসজিদুল হারামের মুয়াজ্জিনদের তালিকায় রাখা হয়েছে।
মসজিদুল হারামের আজানের বিভিন্ন সংরক্ষিত রেকর্ডেও তাঁর কণ্ঠ পাওয়া যায়। ২০২৫ সালের রমজান মাসেও মসজিদুল হারামের মুকাব্বিরিয়া থেকে তাঁর কণ্ঠে আসরের আজানের রেকর্ড প্রকাশ করেছিল সৌদি আরবের ইমাম ও মুয়াজ্জিনবিষয়ক সরকারি কর্তৃপক্ষ।
এ ছাড়া ২০২৬ সালের মার্চেও মসজিদুল হারামে তাঁর কণ্ঠে ফজরের আজানের রেকর্ড প্রকাশের তথ্য পাওয়া যায়। এতে বোঝা যায়, মৃত্যুর কিছু সময় আগ পর্যন্ত তিনি পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ডেস্ক রিপোর্ট 























