এবার পবিত্রতা অক্ষুণ্ন রেখে আধুনিক নগরায়ণের পথে এগিয়ে যাচ্ছে মক্কা। অবকাঠামো, পরিবহন, আবাসন, আতিথেয়তা, ডিজিটাল প্রযুক্তি ও জনসেবার ব্যাপক উন্নয়নের মধ্য দিয়ে পবিত্র মক্কা নগরী ধীরে ধীরে একটি আধুনিক, টেকসই ও হজবান্ধব বৈশ্বিক নগরীর রূপ নিচ্ছে। সৌদি আরবের ভিশন–২০৩০–এর লক্ষ্য সামনে রেখে চলমান এসব প্রকল্পের মাধ্যমে হজ ও ওমরাহ পালনকারীদের সেবা আরো সহজ, দ্রুত ও উন্নত করার পাশাপাশি মক্কার অর্থনৈতিক সম্ভাবনাও বিস্তৃত হচ্ছে। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও অর্থনীতি অনুষদের ডিন ড. মুসাব বিন কামাল আল–সুবহি বলেন, মক্কার চলমান নগর উন্নয়ন একটি কৌশলগত অর্থনৈতিক রূপান্তরের প্রতিচ্ছবি। তার মতে, বিনিয়োগ ও নগর উন্নয়নের মাধ্যমে শহরটি ধীরে ধীরে মৌসুমি অর্থনীতিনির্ভরতা থেকে আরো বৈচিত্র্যময় ও টেকসই অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এর ফলে আতিথেয়তা, সেবা, খুচরা ব্যবসা ও পরিবহন খাতের অবদান বাড়ছে।
একই সঙ্গে মক্কা বিনিয়োগের জন্য আরো আকর্ষণীয় হয়ে উঠছে এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হচ্ছে। মক্কার নগর উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর একটি হলো আধুনিক নগরায়ণের প্রয়োজনীয়তা পূরণ করার পাশাপাশি শহরটির অনন্য ধর্মীয় ও ঐতিহাসিক পরিচয় সংরক্ষণ করা। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও স্থাপত্য অনুষদের ডিন ড. ওমর আসরাহ বলেন, মক্কার পার্বত্য ভূ–প্রকৃতি, ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব এবং প্রতিবছর লাখো হজযাত্রীর আগমন—সবকিছু বিবেচনায় নিয়ে এখানে বিশেষায়িত প্রকৌশল ও নগর পরিকল্পনা প্রয়োজন। তাঁর মতে, আধুনিক প্রকল্পগুলো অবকাঠামো, পরিবহন নেটওয়ার্ক ও জনসেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মক্কার ইসলামী পরিচয় সংরক্ষণের বিষয়টিও বিবেচনায় রাখছে।
হারামাইন হাই স্পিড রেলওয়ে, মাশায়ের মেট্রো, রিং রোড এবং বিভিন্ন প্রধান সড়ক ও গণপরিবহন প্রকল্প হজযাত্রীদের চলাচল সহজ করেছে। এসব ব্যবস্থার ফলে মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোর মধ্যে যাতায়াত আরো সহজ হয়েছে। একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষের চলাচল ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ এবং পরিবহন সক্ষমতাও বাড়ছে, বিশেষ করে হজের সময় পবিত্র স্থানগুলোতে বিপুল মানুষের একসঙ্গে চলাচল করতে হয়। তাই দ্রুত ও সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মক্কার উন্নয়ন শুধু তীর্থযাত্রীদের জন্য নয়; শহরের বাসিন্দাদের জীবনযাত্রায়ও এর প্রভাব পড়ছে।
পাড়া–মহল্লার উন্নয়ন, নগর সৌন্দর্যায়ন, গণপরিসর, হাঁটার পথ, পার্ক এবং পৌরসেবার সম্প্রসারণ শহরটিকে বসবাসের জন্য আরো উপযোগী করে তুলছে। পাশাপাশি পানি, বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও পয়োনিষ্কাশন নেটওয়ার্কের আধুনিকায়ন, সড়ক সম্প্রসারণ এবং লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন মক্কার ভবিষ্যৎ জনসংখ্যা ও হজযাত্রীর চাপ সামলানোর সক্ষমতা বাড়াচ্ছে। আজকের মক্কা তাই একই সঙ্গে পবিত্র ঐতিহ্যের ধারক এবং দ্রুত পরিবর্তনশীল আধুনিক নগরী। উন্নত পরিবহন, আধুনিক অবকাঠামো, ডিজিটাল প্রযুক্তি, নতুন বিনিয়োগ ও উন্নত হজযাত্রী সেবার সমন্বয়ে পবিত্র নগরী উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।

ডেস্ক রিপোর্ট 
























