বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালিত হতে হবে।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা গ্রহণ করতে হবে। এজন্য প্রথম পদক্ষেপ হওয়া উচিত প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ করা, যাতে জনগণের মধ্যে আস্থা তৈরি হয়।”

তিনি আরও বলেন, “সচিবালয়ে এখনও যারা পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করেছে, তাদের অপসারণ করে নিরপেক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে। একইভাবে জেলা প্রশাসনেও পরিবর্তন আনা জরুরি। আমরা মনে করি, তারা এখনও আগের সরকারের স্বার্থ রক্ষা করছে—তাই তাদের সরানোর দাবি জানিয়েছি।”