রাজধানীর মহাখালী এলাকায় ফুটওভার ব্রিজ পার হয়ে কোলে শিশুর নিথর দেহ নিয়ে এক যুবকের হাঁটার হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, মৃত শিশুটির নাম সাদমান (৩-৪ বছর), যে হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভাইরাল হওয়া ছবিগুলোর ক্যাপশন অনুযায়ী, কামরাঙ্গীরচর থেকে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন হাসপাতাল-এ নিয়ে আসা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। ছবিতে দেখা যায়, এক যুবক কাপড়ে মোড়ানো শিশুটির মরদেহ কোলে নিয়ে বাড়ির পথে হাঁটছেন। হাসপাতালের সামনে তিনজন নারীকে কান্নায় ভেঙে পড়তেও দেখা গেছে। তবে ছবিতে থাকা ব্যক্তি বা শিশুটির পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে দেশের বিভিন্ন স্থানে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে একজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজনের মৃত্যু হয়েছে সন্দেহজনকভাবে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
১৫ মার্চ থেকে ২১ এপ্রিল সকাল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৩৫ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮০৫ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই শনাক্ত হয়েছে ১৮৮ জন।
হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৭ হাজার ৯৫ জন সন্দেহজনক রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ১০৬ জন। প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত নিশ্চিত হামে ৩৮ জন এবং সন্দেহজনকভাবে ১৮৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তারা অভিভাবকদের শিশুদের সময়মতো হাম-রুবেলা টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন, পাশাপাশি জনসাধারণকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

