পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক চিকিৎসকের অপেশাদার আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেছে। চিকিৎসক হলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবুল কাশেম।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত আদেশে জানানো হয়, রোগীর স্বজনের সঙ্গে তার অশ্লীল কথাবার্তা, অপমানজনক আচরণ এবং দুর্ব্যবহার সরকারি কর্মচারী আচরণবিধিমালার পরিপন্থী। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী এটি ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হয়।
আদেশে বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতাদি পাবেন। পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ভিডিওটি নজরে আসার পরপরই চিকিৎসককে শোকজ করা হয়েছিল এবং রোববার মন্ত্রণালয় থেকে বরখাস্তের কপি প্রেরণ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি কুরুচিপূর্ণ ভিডিও থেকে। ভিডিওতে দেখা যায়, চিকিৎসাধীন ধর্ষণের শিকার এক শিশুর বাবা-স্বজনের সঙ্গে ডা. আবুল কাশেম অশালীন ও আক্রমণাত্মক ভাষায় আচরণ করছেন। ভিডিও প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তীব্র নিন্দার ঝড় ওঠে।
এই ঘটনা পুনরায় স্বাস্থ্যসেবায় পেশাদারিত্ব ও নৈতিকতার গুরুত্বকে সামনে এনেছে এবং চিকিৎসক নিয়ন্ত্রণ ও তদারকির বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

