বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লা জেলাকে পৃথক বিভাগে রূপান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন। তিনি জানিয়েছেন, প্রশাসনিক প্রয়োজনেই কুমিল্লাকে বিভাগ করতে হবে এবং কুমিল্লার বাইরে অন্য কোনো নাম কুমিল্লার জনগণ মেনে নেবে না।

সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার যৌথ আয়োজনে ‘কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।

ড. খোন্দকার মোশাররফ বলেন, কুমিল্লাবাসী ইতোমধ্যে অন্য কোনো নাম প্রত্যাখ্যান করেছে। তারা কুমিল্লা বিভাগ চায়। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার জন্য একটি শক্তিশালী প্রতিনিধিদল গঠন করা হবে। ব্যক্তিগতভাবে তিনি এ উদ্যোগে সহযোগিতা করবেন বলেও জানান।

তিনি আরও বলেন, “আমাদের এসব প্রচেষ্টার পরও যদি অন্তর্বর্তী সরকার আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমি আপনাদের আশ্বস্ত করছি—আগামী নির্বাচনে যদি দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে এবং আল্লাহ আমাদের সেই সুযোগ দেন, তাহলে সরকারে গিয়ে দ্রুত কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে, ইনশা আল্লাহ।”

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা সমিতি ঢাকা সভাপতি এবিএম শাহজাহান, নাগরিক পরিষদ কুমিল্লার সভাপতি ড. শাহ মোহাম্মদ সেলিম, বি-বাড়িয়া জেলা বিএনপির সভাপতি এনামুল হক বাবলু, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দীনসহ আরও অনেকে।