জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাওয়ার প্রত্যাশা থেকে সরে যাচ্ছে না বলে সাফ জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি নিবন্ধনের জন্য নির্ধারিত শর্তগুলো পূরণ করেছে এবং নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, প্রক্রিয়াটি শেষ হলে দলটি চূড়ান্তভাবে নিবন্ধন সার্টিফিকেট পাবেন।

তিনি শাপলা প্রতীক নিয়ে বলেন, এনসিপি শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলার মধ্য থেকে একটির উপর অটল। এই প্রতীকের ক্ষেত্রে কোনো ব্যত্যয় মানা হবে না এবং যদি এমন হয়, তারা পুনরায় জনগণের সামনে তাদের অবস্থান প্রকাশ করবেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, তাদের সার্ভের ফলাফলের ভিত্তিতে এনসিপি ১৫০ আসন পেতে পারবে। তিনি জানান, জেলার সমন্বয়কারী প্রধানদের ঢাকায় ডেকে মাঠে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আলেম সমাজ, আইনজীবী, সাবেক সেনা কর্মকর্তা, নারী, শ্রমিক, কৃষক এবং সাংবাদিকরা প্রার্থী তালিকায় থাকবে। সকলের সহযোগিতায় এবং প্রক্রিয়াগত প্রস্তুতির মাধ্যমে আগামী নির্বাচনে এনসিপি ১৫০ আসনে জয়ের লক্ষ্য রাখছে।