মেহেরপুর সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করনের প্রতিবাদে স্মারকলিপি দিতে গিয়ে সাংবাদিকদের প্রবেশ নিষেধ
মেহেরপুরে সার ডিলার নিয়োগে ক্ষমতাসীন দলের নেতারা নিজ দলীয় ব্যক্তিদের নামের তালিকা পাঠিয়েছে বলে অভিযোগ করেছে সচেতন নাগরিক সমাজ।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতার দাবিতে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সার ডিলার নিয়োগে আবেদন যাচাই, যোগ্যতা নির্ধারণ, অগ্রাধিকার তালিকা ও চূড়ান্ত নির্বাচন—প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। যোগ্য আবেদনকারীর সংখ্যা নির্ধারিত ডিলারের চেয়ে বেশি হলে প্রকাশ্য লটারির মাধ্যমে নির্বাচন এবং অযোগ্য আবেদনকারীদের বাদ দেওয়ার কারণ প্রকাশের দাবি জানান তারা।
এ ছাড়া বাছাই কমিটিতে আবেদনকারী ডিলারদের প্রতিনিধিত্ব, যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার তালিকা প্রকাশ, সম্ভাব্য অনিয়মের তদন্ত এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো বিশেষ সুবিধা না দেওয়ার দাবি জানানো হয়।
সচেতন নাগরিক সমাজের পক্ষে মানববন্ধনে নেতৃত্ব দেন শামসুল খান। আরো উপস্থিত ছিলেন সোহেল রানা, আজমাইন হোসাইন, আবুল কালাম, নুর রহমান, তৌফিকুল ইসলামসহ অনেকে।
পরে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে গেলে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকরা। স্মারকলিপি প্রদানকালে কেন সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হলো, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 


















