জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করবে শুধুমাত্র বাস্তবায়নের নিশ্চয়তা পেলে — এমন ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের কাগুজে মূল্যে আমরা বিশ্বাসী নই। এটি বাস্তবায়ন কিভাবে হবে, তার নিশ্চয়তা পাওয়ার পরই এনসিপি স্বাক্ষর করবে। আমরা চাই অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সাংবিধানিক একটি আদেশ জারি করুন।”
তিনি আরও জানান, জুলাই সনদে স্বাক্ষরের আগে এনসিপি তিনটি দাবি উত্থাপন করেছে—
১️⃣ জুলাই সনদের আদেশ শুধু ড. মুহাম্মদ ইউনূস জারি করবেন,
২️⃣ নোট অব ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না,
৩️⃣ গণভোটের মাধ্যমে জুলাই সনদের বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
নাহিদ বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে এসব দাবি বিবেচনা করা হবে।”
জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, “সেনাবাহিনীর সদস্যদের আদালতে আনা হয়েছে, এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে সারাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না।”
বিচারের অগ্রগতি নিশ্চিত করতে নির্বাচনের আগে একটি ‘বিচারের রোড ম্যাপ’ ঘোষণার দাবিও জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

